মহম্মদপুরের বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপারকে শোকজ
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়ায় বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে শোকজ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। উপজেলার এবারের দাখিল পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এটি।
জানা গেছে, বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৪ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে ওই ৮ জন শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ওই ৮ জনের সবাই অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির ফলাফল দাঁড়ায় শতভাগ ফেল।
এ ঘটনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকে শোকজ করা হয়েছে।
শিক্ষাবিদ ও স্থানীয়দের মতে, একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তৈরি করে। বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
