আগৈলঝাড়ায় মাদক ও কিশোর অপরাধ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, জায়গা-জমি সংক্রান্ত অপরাধ দমন রোধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গৈলা আব্দুল ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আগৈলঝাড়া থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
সভায় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, এসআই সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা রহিম হাওলাদার, সোহরাব হোসেন তোতা,
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচ এম মাসুম, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মিলু, রুহুল সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মোঃ মিঠু প্রমুখ।
এ সময় থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমি আপনাদের আগৈলঝাড়ার সেবক হিসেবে কাজ করতে এসেছি, আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের জন্য একটা মাদকমুক্ত থানা উপহার দিতে পারি।
এ সময় সভায় উপস্থিত জনসাধারণকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও বাল্যবিবাহ, মাদক-জুয়া রোধে সামাজিক নজরদারি বৃদ্ধি ও পারিবারিক বন্ধন জোরদারের আহ্বান জানান ওসি।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত এমন আয়োজন অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে। সভা শেষে উপস্থিত সবাই সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বিট পুলিশিং সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ কয়েক শতাধিক স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।
এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
