ঢাকা বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.৫২ পি.এম
বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু
www.dailyranggaprovat.com

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে রাতের খাবার খাওয়ার সময় বিষধর সাপের কামড়ে রঘু দত্ত প্রকাশ রৈক্য বৈদ্য (৭০) নামে এক তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রঘু দত্ত ওই এলাকার মৃত সারদা চরণ দত্তের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

​যেভাবে দুর্ঘটনা ঘটে

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পেশাগত কাজ শেষে ঘরে ফিরে নৈশভোজ করছিলেন রঘু দত্ত। এ সময় খাবার টেবিলের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ আকস্মিক তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এলাকায় শোকের ছায়া

এলাকাবাসী জানান, রঘু দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় তান্ত্রিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ তার কাছে কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসার জন্য আসতেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।