আগৈলঝাড়ায় প্রাননাশের হুমকির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রাজিহার গ্রামের মো. সেলিম হোসেন পাইক।
বৃহস্পতিবার (২০ আগস্ট,) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সেলিম হোসেন অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন দাস, সঞ্জিত দাস ও সৌরভ দাসসহ কয়েকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। গত ১৫ আগস্ট বাড়ির দক্ষিণ পাশের রাস্তার পাশে তিনি চারটি কলাগাছ ও পাঁচটি চাম্বল গাছ লাগান। পরদিন গাছগুলো তুলে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। সেলিমের দাবি, ১৭ আগস্ট পুনরায় গাছ লাগাতে গেলে অভিযুক্তরা তাকে গালাগালসহ লাঠিসোটা নিয়ে মারতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি গত ১৯ আগস্ট আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও আবেদনে উল্লেখ করেন। এ ছাড়া জমি দখল, পূর্বের বিভিন্ন বিরোধ এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও করেছেন সেলিম হোসেন। তিনি বলেন, তার ৩৭ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে সার্বক্ষণিক শয্যাশায়ী। ফলে নিজের পাশাপাশি স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত।
আবেদনের মাধ্যমে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরার পাশাপাশি প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
