ঢাকা সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

হাঁস নিয়ে বিরোধের জেরে কচুয়ায় সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৭.৪০ পি.এম
হাঁস নিয়ে বিরোধের জেরে কচুয়ায় সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে, স্ত্রী ও পুত্রবধূ আহত হয়েছেন। সংঘর্ষের পর অভিযান চালিয়ে পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে।

​রবিবার (২২ আগস্ট) রাত আনুমানিক সাড় ৯টার দিকে উপজেলার ৬ নম্বর রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই এলাকার হায়দার মল্লিকের স্বজনরা লাঠি ও দরজার কাঠের খণ্ড নিয়ে বেদার মল্লিক ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) ও পুত্রবধূ সুমি (২১) গুরুতর আহত হন।

​আহতদের দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন। কাইয়ুম মল্লিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পরপরই কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে রমজান (২৩), লামিয়া (১৯) ও ফাতেমা (৪৫) নামের তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

​কচুয়া থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।