ঢাকা মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৪৬ এ.এম
জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার
www.dailyranggaprovat.com

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) থেকো :  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে স্থানীয় রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত কর্মকাণ্ডেও আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার। 

দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রাজন শিকদার দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে মাঠে সক্রিয় থাকার পাশাপাশি একাধিক মামলা-হামলার মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় তিনি বর্তমানে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তবে শুধু দলীয় রাজনীতিতেই সীমাবদ্ধ না থেকে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন বলে জানান রাজন শিকদার। 

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ, অসহায় ও দুস্থদের সহযোগিতা এবং স্থানীয় নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের কয়েকটি এলাকার বেহাল সড়ক নিজস্ব অর্থায়নে মেরামত, বিভিন্ন ঘাটে যাত্রীছাউনি স্থাপনসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন কাজে সহযোগিতার কারণে রাজন শিকদারকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ডকে তিনি রাজনীতির বাইরে মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছেন।

এ ছাড়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখছেন বলে জানিয়েছেন তিনি।

রাজন শিকদারের ঘনিষ্ঠজনরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এই তিনটি বিষয়কে সামনে রেখে তিনি রহমতপুর ইউনিয়নে নিজের সাংগঠনিক ও সামাজিক অবস্থান আরও শক্তিশালী করছেন। 

নির্বাচনের সময় ঘনিয়ে এলে এসব কর্মকাণ্ডের প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় অনেকে।

তবে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ রাজন শিকদারের নতুন কোনো ঘোষণা নয়। দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে আসছেন। এবারও তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন।

রাজন শিকদার বলেন, জনগণের ভালোবাসা ও মূল্যায়নই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। জয়-পরাজয় আল্লাহর হাতে। নির্বাচনে জয়ী হই বা না হই, মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজের সাধ্যমতো কাজ করে যেতে চাই।

নিজের রাজনৈতিক ও সামাজিক পথচলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মানুষেরই ভালো-মন্দ দুটি দিক থাকে। কোনো মানুষই শতভাগ নিখুঁত নয়। ব্যর্থতা ও ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে আরও ভালোভাবে মানুষের জন্য কাজ করতে চাই।

রহমতপুর ইউনিয়নের আগামী নির্বাচনী সমীকরণে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থী মনোনয়ন এবং স্থানীয় ভোটারদের মূল্যায়নই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরই মধ্যে রাজন শিকদারের দীর্ঘদিনের মাঠপর্যায়ের তৎপরতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।