নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা নিবাসী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলি কাজী (৭৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ আছর বাগুডাঙ্গা ঈদগাহ ময়দানে তাঁর জানাজার আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যশোর থেকে আগত একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে বাগুডাঙ্গা ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুম সার্জেন্ট (অব.) আব্দুল আলি কাজীকে বাগুডাঙ্গা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
