কুয়াকাটা একটি ট্রলারে ৮০ মন ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে ৮০ মণ ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এসব ইলিশ মৎস্য বন্দর আলীপুরের সিফাত ফিসে নিলাম ডাকে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটির ১৮ জন জেলে চার দিন আগে গভীর সাগরে মাছ শিকারের জন্য যাত্রা করেন। দুই দিন সাগরে মাছ ধরার পর মঙ্গলবার (২৫ আগস্ট) পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলাম ডাকে মাছগুলো ২০ লাখ টাকায় বিক্রি হয়। ট্রলার মাঝি বাদশা মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তবে মাছগুলো সাইজে ছোট।
মাঝি বাদশা আরও বলেন, ‘এবছর পুরো মৌসুমে ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ করে ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক অনেক ছোট। তাই কম দামে মাত্র ২০ লাখ টাকায় বিক্রি করেছি।’ তিনি আরও জানান, চার দিন আগে সাগরে গিয়েছিলেন। মাছ পেয়ে এই বোটের জেলারা স্বস্তিবোধ করছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আবহাওয়া খারাপ থাকায় সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। এখন কিছু কিছু বোটে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়বে। তবে এখনো শতকরা ৭০ শতাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশে পাচ্ছেন না।
