মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করে ভিডিও ধারনের অভিযোগ !
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরায় মোটরসাইকেলে হর্ন দেওয়া ও সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়নের বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পুলিশের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা শহরে ভায়না এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত পুলিশ সদস্য মো. ইমরান হোসেন পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে শহরের ভায়নার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে হর্ন দেওয়ার পরও সাইড দেয় নাই মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়ন। পুলিশ সদস্য ইমরান গাড়ি থামিয়ে সাইড না দেওয়ার কারন জানতে চাইলেই সভাপতি নয়ন ও তার সমর্থকরা পুলিশ সদস্যের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সভাপতি নয়ন ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য ইমরান হোসেনকে মুখে থাপ্পড় মেরে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে বাঁধা দিলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সভাপতির নয়নের মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সেটা ভাইরাল হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্বরত একজন পুলিশ সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাইক্রোস্ট্যান্ডের সভাপতির বিরুদ্ধে পুলিশ সদস্যের মারধরের ঘটনা ঘটেছে। নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
