ঢাকা রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জানাজা নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০১.২৯ এ.এম
জানাজা নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও সদাহাস্যোজ্জ্বল-মিষ্টভাষী আলহাজ্ব আব্দুল গফুরকে জানাজা নামাজ শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আসরের নামাজের পর তারালী ইউনিয়নের জাফরপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


জানাজা শেষে দোয়া ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।বক্তারা মরহুম আব্দুল গফুরের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও জনবান্ধব একজন জনপ্রতিনিধি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


উল্লেখ্য,আলহাজ্ব আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।