কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার(২৯আগস্ট) সকাল ১০টার দিকে পাকাব্রিজ সংলগ্ন এলাকায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ দণ্ডাআদেশ দেন। মাদকবিরোধী অভিযানকালে আলিম গাজীর কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু।
