ঝিনাইদহ থেকে অটোরিকশা চুরি করে মহম্মদপুরে বিক্রির সময় হাতেনাতে আটক, গ্রেফতার ৩
সুব্রত সসরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: ঝিনাইদহ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে মাগুরার মহম্মদপুরে এনে বিক্রির সময় চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাঔজানি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি চক্র চালকদের প্রতারণার মাধ্যমে ঝিনাইদহ জেলা থেকে অটোরিকশা চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় চক্রটি একটি অটোরিকশা চুরি করে মহম্মদপুর উপজেলার বাঔজানি গ্রামের হালিমের বাড়ির সামনে বিক্রির চেষ্টা চালায়।
এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে তারা পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করে। এসময় চক্রের আরও একজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মৃত তাহাজ্জেদ মৃধার ছেলে আরব আলী (৩৭), একই গ্রামের শামসুল মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩৩) এবং যশোরের বেনাপোল উপজেলার ডবের বেড় গ্রামের আব্দুল্লাহর ছেলে সুজন শেখ (২৮)।
পুলিশ তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি) আশরাফুজ্জামান জানান, গ্রেফতার হওয়া চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া পলাতক সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে।
