ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

সরকারের কোনো হস্তক্ষেপ নেই বার কাউন্সিল নির্বাচনে

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৪৭ এ.এম
সরকারের কোনো হস্তক্ষেপ নেই বার কাউন্সিল নির্বাচনে
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।।  বার কাউন্সিল নির্বাচন স্থগিতকে ঘিরে ওঠা নানা আলোচনা ও প্রশ্নের মধ্যে সংসদে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তে সরকারের কোনো ভূমিকা নেই; এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব সিদ্ধান্ত।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক আলোচনার সময় রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক কারণ রয়েছে কি না- এমন প্রশ্ন তোলেন। জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আইনের আওতায় থাকা ‘যুক্তিসঙ্গত কারণ’-এর ভিত্তিতেই বিবেচনা করা হয়েছে।

 

তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা নিজস্ব বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে। বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, বিশেষ করে ঢাকা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। বৃহৎ এই আইনজীবী সংগঠনের নিজস্ব নির্বাচন সামনে থাকায় সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, বার কাউন্সিল নির্বাচন স্থগিতের পেছনে জ্বালানি সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে- এমন ধারণা সঠিক নয়। বরং একটি নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন নিশ্চিত করতেই সময় পরিবর্তন করা হয়েছে।

সরকার দায়িত্ব নেওয়ার পরই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থা তাদের বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com