কচুয়ায় নূর সবদার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
কচ : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের কচুয়ায় ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কচুয়া উপজেলার কৃতি সন্তান এবং "নূর সবদার ফাউন্ডেশনের" প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন হাওলাদারের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ও মূল কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান সরকার রিয়ান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল হান্নান, সিনিয়র সহকারী শিক্ষক আ. স. ম. ফিরোজুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।##
