ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.৫৮ এ.এম
নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি কর্মশালার উদ্বোধন করেন।

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা মো. রুস্তম আলী সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হলে তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সতর্ক ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়া জরুরি। একই সঙ্গে সংবাদ পরিবেশনে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ করতে হবে।

বক্তারা আরও বলেন, অতিরঞ্জিত শিরোনাম, অসম্পূর্ণ তথ্য, একপাক্ষিক বক্তব্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। পেশাগত প্রতিযোগিতার কারণে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা থাকলেও এতে যেন তথ্যের নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা নষ্ট না হয়, সেদিকে সাংবাদিকদের বিশেষ নজর দিতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা, তথ্য যাচাই-বাছাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য এবং প্রেস কাউন্সিলের আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং রিসোর্স পার্সন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কর্মশালায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।