বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ
রাঙা প্রভাত ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটি নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে আমরা প্রেসক্লাবের মর্যাদা আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।”
সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সকলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তাদের সফলতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাইফুল রহিম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অগ্রযাত্রা আরও বেগবান হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
