ঢাকা সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৩২ এ.এম
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের সুস্থ, সুন্দর ও সৃজনশীল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী মাঠে কালীপদ রায় চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা ও দেশীয় উৎসবগুলোকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমাদের দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর)  বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। এছাড়া মহম্মদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচকে ঘিরে বাবুখালী মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ।