ঢাকা রোববার ১০ মে ২০২৬ ২৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

“ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.২৭ পি.এম
“ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : “ইলিশের বাড়ি চাঁদপুর”সহ বিভিন্ন আকর্ষণীয় নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সকলেই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের আশ্বাস দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করত চক্রটি। কিন্তু টাকা নেওয়ার পর তারা আর পণ্য সরবরাহ করত না।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার-এর নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এসময় এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস ও ডিবি’র এসআই সাব্বির শেখসহ একটি দল অংশ নেয়।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি ভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com