ঢাকা রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তীব্র গরমের সাথে ঘনঘন লোডশেডিং, চরম ভোগান্তিতে কচুয়াবাসী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.১৭ পি.এম
তীব্র গরমের সাথে ঘনঘন লোডশেডিং,  চরম ভোগান্তিতে কচুয়াবাসী
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। : বাগেরহাটের কচুয়ায় ভ্যাপসা গরম আর তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর  উপরে ‘মরার ওপর খড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় এবং ঘনঘন লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই উপজেলার সাধারণ মানুষ।
​অসহনীয় গরমে একদিকে যেমন জনজীবন স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে লোডশেডিংয়ের কবলে পড়ে নষ্ট হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। ব্যবসায়িক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে।শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা চলছে অথচ সন্ধ্যা হলেই বিদ্যুৎ লোডশেডিং শুরু হচ্ছে।এর ফলে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ক্ষতি হচ্ছে। এছাড়াও কচুয়া হাসপাতালের রোগীরা কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশি। কচুয়া হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে কর্তৃপক্ষ  বিকল্প কোন ব্যবস্থা না করায় অন্ধকারে তাদের  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোনরকম হাসপাতালে বাঁচতে  হচ্ছে । 
​কচুয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।
​বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, “গ্রিডে ওভারলোডের কারণে ফল্ট এড়াতে আমরা গ্রাম এলাকায় সতর্কতামূলকভাবে ঘনঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। যদি গ্রিডে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তবে তা মেরামত করতে ৮ থেকে ৯ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে যাবে।”

বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সাময়িক সংকট। জ্বালানি সংকট স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এবং লোডশেডিংয়ের ভোগান্তি কমে আসবে।

​তীব্র গরমের এই সময়ে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com