কালীগঞ্জে জমি বিরোধে হামলা, নারীর শ্লীলতাহানির অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি।। : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্তিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী বিনোদ (৫৫) অভিযোগ করে বলেন, প্রতিবেশী জিতেন কুমার খাঁ ও তাঁর ছেলে মিল্টন কুমার খাঁর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। এ নিয়ে তারা প্রায়ই হুমকি দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ এপ্রিল বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিনোদের স্ত্রী ক্ষুধা রানীকে লক্ষ্য করে জিতেন কুমার খাঁ অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধরের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
পরদিন ২৪ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে গালিগালাজ ও হুমকি দেয়। একপর্যায়ে মিল্টন কুমার খাঁ কোদাল দিয়ে বিনোদকে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায়। যাওয়ার আগে তারা আবারও প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
আহত ক্ষুধা রানী বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
