আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গার গাছ কাটা ও মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গা থেকে জোরপূর্বক পাঁচ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে উপজেলা যুবদল নেতা তারেক ফকিরের নেতৃত্বে ২-৩ জনের একটি দল। এমনকি চাষ করা পুকুর থেকেও দেড় লক্ষ টাকার মাছ রাতের আঁধারে ধরে নিয়ে যায় ওই যুবদল নেতা। বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ওই জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ওই যুবদল নেতার বিরুদ্ধে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের মৃত লাল মোহাম্মদ খানের ছেলে বাবুল খান ও নাসির খানের পৈত্রিক ও ক্রয়কৃত জায়গার দখল নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত বজলু ফকিরের ছেলে ও উপজেলা যুবদল সদস্য তারেক ফকিরের সাথে। এই বিরোধীয় সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। উভয় পক্ষকে ওই সম্পত্তিতে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অমান্য করে দলের প্রভাব খাটিয়ে যুবদল নেতা তারেক ফকির সম্প্রতি ওই বিরোধীয় সম্পত্তি থেকে প্রায় ৫ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে তাদের গালমন্দ করে মেরে ফেলার হুমকি দেয়। এঘটনায় বাবুল খানের স্ত্রী মোসা: হোসনেয়ারা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই মিল্টন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তারপরেও নাসির খানের চাষ করা পুকুর থেকে প্রায় দেড় লক্ষ টাকা মাছও ধরে নিয়ে যায় তারেক ফকির।
এব্যাপারে উপজেলা যুবদল নেতা তারেক ফকির বলেন, আমাদের পৈত্তিক সম্পত্তি থেকে আমরা গাছ কেটে নিয়েছি এবং মাছ ধরে নিয়েছি। বিএস পর্চা আমাদের নামে রয়েছে। কারো জায়গা থেকে গাছ ও মাছ ধরে নেইনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
