আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য প্রশাসন হলরুমে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন এবং হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শিশির কুমার গাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভীন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, সহ-সভাপতি মাসুম হাওলাদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয় এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠে। তাই পরিবার ও সমাজের সবাইকে পুষ্টি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
