ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৪৭ পি.এম
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, কলমিবুনিয়া ও সাংদিয়া গ্রামের গোপাল দাসের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই। একইসঙ্গে সুভাষ দাসের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছেন এবং কারও সম্পদ দখল করা তার আদর্শের পরিপন্থী।

এ সময় যাদের নাম ব্যবহার করে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই গোপাল দাস ও সুভাষ দাসসহ কয়েকজন স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি এবং তাদের নাম ব্যবহার করে কারা এসব অপপ্রচার চালাচ্ছে, তা তারা জানেন না।

রফিকুল ইসলাম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা পর্দার আড়াল থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি যেকোনো নিরপেক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।