ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা, জামায়াত আমির

প্রকাশিত: ১২ মে ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৫১ এ.এম
চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা, জামায়াত আমির
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

পাইকারি কাঁচাবাজারে দোকান দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি থাকলেও মুখ ফুটে কেউ কথা বলতে চায় না, সবার মুখ চেপে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর এক নম্বরে পাইকারি কাঁচাবাজার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাঁদাবাজি আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, তাদের পরিচয় আমরা সবাই জানি। আমরা চাই চাদাবাজিটা বন্ধ হোক। আমরা মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের সিন্ডিকেড ভাঙতে চাই। জনগণের জন্য এ লড়াই অব্যাহত থাকবে। সংসদে ও সংসদের বাইরে আমাদের দাবি ও প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, সংসদের বিগত অধিবেশনের শেষ দিবসে আমি পরিষ্কার বলেছি যে, সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে, বাংলাদেশে চাঁদাবাজি হবে না- তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু তারাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব।

তিনি বলেন, আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল। এই দুইটা মিলেই বাজার অস্থির হয়, এটাও আমরা জানি, এ ঘাটে ঘাটে সিন্ডিকেট এটাও আমরা জানি। এই বিশাল মার্কেটের দোকানগুলোতে স্বস্তিদায়কভাবে কেউ ব্যবসা করতে পারে না।

জামায়াত আমির বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে ভোক্তারাও যেমন ন্যায্যমূল্যে পণ্য পায় না, তেমনি কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোনদিন ভাঙতে পারব আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারব, একা কেউ পারবে না, একা কোন দলও পারবে না। এতে জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশের মালিকও জনগণ। এই জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে।