কচুয়ায় ভিক্ষুক পুনর্বাসনে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : "ভিক্ষাবৃত্তি আর নয়, জীবন হোক কর্মময়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসান।
ভিক্ষুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ৭ জন নির্বাচিত ভিক্ষুককে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রত্যেকের হাতে একটি করে ছাগল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলী,
কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আলী হাসান বলেন, "ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে তাদের মূলধারার কর্মসংস্থানে ফিরিয়ে আনতে নিরলস কাজ করছে। আজ যে উপকরণ বিতরণ করা হলো, তার সঠিক ব্যবহারের মাধ্যমে এই পরিবারগুলো যেন ভবিষ্যতে আর কারো কাছে হাত না পাতে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
