কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক
অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (১৪'মে) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা এলাকায় মো. আ. রাজ্জাক মোল্লার বাড়ির পূর্ব পাশের পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. নাইম ফরাজী (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তবে এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতের হেফাজত থেকে ২৫ পিচ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/১৯(ক)/৪১ মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে।
