ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে-তথ্যমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের ২ হাজার পাঁচশ টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটা ক্ষমতায়ন তৈরি হবে। শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের আমার নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারমধ্যে গুরুত্বপূর্ন প্রতিশ্রুতি ছিলো আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দিবো। আমাদের এই কথা সেদিন আমাদের প্রতিদ্বিন্ধী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলো। তাদের ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করেই জাতীয় নির্বাচনে আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের দিতে হয়েছিলো। আমাদের অতীত প্রতিশ্রুতি ইতিমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু করেছি। বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার আওতায় আনতে তাদেরকে কার্ড দেবো। আমরা সেভাবে প্রক্রিয়া শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার যে চিত্র তার প্রতিফলন হচ্ছে এই কার্ড বণ্টন।
গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের অন্তর্ভূক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ প্রকল্পের আওতায় এসেছে। তারমধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ১২ ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
