পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৫৪ পি.এম
রাঙা প্রভাত ডেস্ক :
দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। টেস্টের বাকি এখনও তিন দিন। স্বাভাবিকভাবেই সময়ের কোনো অভাব নেই। তাই কোনো তাড়াহুড়া নেই বাংলাদেশের। সম্ভব হলে তৃতীয় দিনের পুরোটাতেই ব্যাটিং করতে চায় স্বাগতিকরা। দিতে চায় যতটা সম্ভব বড় লক্ষ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৮ মে) তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়।
৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। তবে সোমবার সকালের সেশনে চতুর্থ ওভারে ফিরেন নাজমুল। দ্বিতীয় ইনিংসে খুররম শাহজাদের করা ৩১ তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু হয়েছেন নাজমুল। ৪৬ বলে ১৫ রান করলেন।
এর আগে রোববার দ্বিতীয় দিনের একদম শেষ বলে অভিজ্ঞ মুমিনুল হকের উইকেটটি হারিয়ে কিছুটা অতৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান। ফলে পাকিস্তানের চেয়ে এখন পর্যন্ত ১৫৬ রানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
দিনের খেলা শেষ হতে যখন মাত্র এক বল বাকি, ঠিক তখনই খুররম শেহজাদের একটি বাড়তি লাফিয়ে ওঠা বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন মুমিনুল হক। আউট হওয়ার আগে ৬০ বলে ৩০ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। মুমিনুলের এই বিদায়ের পরপরই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।
