ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

চট্টগ্রাম নগরের প্রধান সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০১.০৪ পি.এম
চট্টগ্রাম নগরের প্রধান সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

ফ্লাইওভারের পিলারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সকালে জারি করা সিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই আদেশ জারি করেন। 
আদেশে আরও বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ বা মিছিল-মিটিং করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার (১৭ মে) রাতে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা সেখানে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।