পাবনার ছাত্র খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে মৃত্যু
বিশেষ প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে এস এম সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।নিহত সায়েম ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার (স্থাপত্য) বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সায়েমের বাড়ি পাবনা জেলায় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
কুয়েট প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক চারটার দিকে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সহপাঠীদের সঙ্গে সাঁতার কাটতে নামেন সায়েম। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। বেশ কিছু সময় পার হলেও তিনি পানি থেকে ওপরে না ওঠায় সহপাঠীরা আতঙ্কিত হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুকুরটির প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে ২০ থেকে ২৫ মিনিট তলিয়ে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটে ডুবুরি দল সায়েমকে উদ্ধার করতে সক্ষম হয়।
সায়েমকে পানি থেকে তোলার পর সেখানে উপস্থিত কুয়েট মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, 'বিকেলে কুয়েটের ২৪ ব্যাচের শিক্ষার্থী এস এম সায়েম ফেরদৌস পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধার করে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।'
