বাবুগঞ্জের সীমান্তবর্তী আগরপুর বাজার ব্রিজের বেহাল দশা, বিপাকে জনসাধারণ
রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী আগরপুর বাজার খালের উপরের সংযোগ ব্রিজের বেহাল দশা লক্ষ্য করা গেছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও জনসাধারণকে। ব্যস্ততম ব্রিজটি দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-মাঝারি যানবাহন চলাচল করছে। বিপাকে পড়েছেন অটোভ্যান, মোটরসাইকেল চালক এবং ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রায় ২৮ বছর পূর্বে নির্মিত ব্রিজটির নেইকোন হাতল, মাঝের অংশে বড় আকার ধরে উঠে গেছে প্লাস্টার। তাই দীর্ঘদিন ধরে বাজারের মালবাহী গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আগরপুর বাজারের ব্যাবসায়ী ও ক্রেতাদের।
ব্যাবসায়ীরা আরও জানান, কিছু দিন আগে একছাত্র বাই সাইকেল সহ ব্রীজটি দিয়ে যাবার সময়ে খালের পানিতে পরে যায়।
জানা যায়, ব্রিজের উত্তর পাড়ে গৌরনদী উপজেলার সরিকল বাজার ও মিলকারখানা রয়েছে এবং ব্রীজের পূর্বপাড় আগরপুর বাজার, আগরপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, চিকিৎসা কেন্দ্র রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থীরা, ক্রেতা ও বিক্রেতা এবং বিভিন্ন এলাকার লোকজন।
তাই দুই উপজেলার সরিকল ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ বিষয়ে আগরপুর বাজার কমিটির সভাপতি অহিদুল আলম বিপুল মিয়া বলেন, দুই উপজেলার সিমান্তবর্তী মানুষের পারাপারের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্রীজটি। ব্রীজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে করে। বর্তমানে ব্রীজটির অবস্থা বেহাল, জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজ পার হয়ে আসতে যেতে হয়। দ্রুত একটা ব্রিজ নির্মাণ সময়ের দাবি।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু জানান, ব্রীজটির প্রকল্প দেওয়া হয়েছে। আশা করা যায় প্রকল্পটি বাস্তবায়ন হবে।
