কচুয়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সরকারিভাবে সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এই ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরগী, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম । এছাড়াও স্থানীয় সাংবাদিক, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: "প্রকৃত কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি তাঁদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।"
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলতি ২০২৬ মৌসুমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে অ্যাপ ও লটারির মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান কেনা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা (অর্থাৎ প্রতি মণ ১৪৪০ টাকা)।
কৃষি কর্মকর্তা জানান, গুদামে ধান সরবরাহের ক্ষেত্রে ধানের গুণগত মান ঠিক রাখতে হবে এবং আর্দ্রতা (ময়েশ্চার) সর্বোচ্চ ১৪% এর মধ্যে থাকতে হবে।
উদ্বোধনী দিনে স্থানীয় কয়েকজন নিবন্ধিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের এই সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। সরকারি মূল্যে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পেরে স্থানীয় প্রান্তিক কৃষক সেখ রিয়াজ সন্তোষ প্রকাশ করেছেন। খাদ্য বিভাগ জানিয়েছে, এই ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে চলবে।
