কচুয়ায় কলেজের শিক্ষক ইকবাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের জনপ্রিয় শিক্ষক মো : ইকবাল হোসেন স্যারের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃস্পতিবার ২১ মে, কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম সেখ। প্রভাষক সুযশ কান্তি মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক প্রভাষক বনী আমিন জুকু, প্রভাসক ধীরেন্দ্র মন্ডল,প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, প্রভাষক হান্নান নকিব, প্রভাষক কৃষ্ণ পদ দাম,প্রভাষক বিমল বাড়ই, প্রভাষক সমীর কান্তি বাড়ৈ, প্রভাষক গৌতম কুমার মন্ডল,প্রভাষক আনোয়ার হোসেন ভূঁইয়া, জাহিদুল ইসলাম,সুরেন্দ্র নাথ মৃধা।এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী শিক্ষক মো: ইকবাল হোসেন স্যারকে সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাঁর দীর্ঘ শিক্ষাজীবন ও কলেজের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থীরা।
সহকর্মী শিক্ষকরা তাঁদের বক্তব্যে বলেন, "ইকবাল হোসেন স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও আমাদের আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা ও সততা কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।"
বিদায়ী বক্তব্যে মো: ইকবাল হোসেন স্যার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "এই কলেজ আমার হৃদয়ের অংশ। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি সবার কাছে দোয়া প্রার্থী।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
