ঢাকা শনিবার ২৩ মে ২০২৬ ৯ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌলভীবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রকাশিত: ২২ মে ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৫৭ পি.এম
মৌলভীবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু
www.dailyranggaprovat.com

এলিসন সুঙ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চা শ্রমিক, অপরজন কৃষক।

শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় মৌলভীবাজারের হামিদিয়া চা বাগানের রাবার বাগানে কাজ করছিলেন স্বপন মুন্ডা (৩৫)। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত স্বপন মুন্ডা জেলার কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানের মিহির লাল মুন্ডার ছেলে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার জানান, স্বপন মুন্ডা দেওড়াছড়া চা বাগানের বেমারী টিলায় থাকেন। নিজের বাগানে কাজ না থাকায় তিনি পাশের হামিদিয়া চা বাগানে রাবারের কষ সংগ্রহের কাজ করতেন। বেলা পৌনে ১২টার দিকে বজ্রপাতে তিনি নিহত হন।

অপরদিকে, একই সময় বজ্রপাতে জেলার রাজনগর উপজেলার কামারচাকে ধান কাটার সময় তালেব মিয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিসহ বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটার সময় নিহত হয়েছেন।