নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়নের মাগরি গ্রামে এ অপমৃত্যুর ঘটনাটি ঘটেছে। ২২ মে (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় কাশেমপুর মোঃ আকবর আলীর পুকুরে গোসল করতে গেলে সদ্য অবসরপ্রাপ্ত বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য মোঃ সাদিকুল ইসলামের মেয়ে জান্নাতুন (১১) নামের কিশোরীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম খলিল বলেন, শিশুদের ডাকাডাকিতে আমরা পুকুর ঘাটে যেয়ে শুনি সাদিকুল ভাইয়ের মেয়ে পানিতে ডুবে গিয়েছে। সাথে সাথেই আমরা মাছ ধরা জাল নিয়ে পুকুরে নেমে পড়ি। প্রায় এক ঘণ্টা যাবত জাল টানার পর জান্নাতুল জালে বাঁধে। তৎক্ষণাৎ আমরা সকলের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জান্নাতুনকে মৃত ঘোষণা করেন।
পুকুরের মালিক মোঃ আকবর আলী জানান, সবার হাঁকাহাঁকি শুনে আমি বাড়ি থেকে বের হলে দেখতে পাই কয়েকটা শিশু বলছে আমাদের সাথে গোসল করছিল জান্নাতুন। কিছুক্ষণ যাবৎ আমরা জান্নাতুন কে দেখতে পাচ্ছি না। পরে বাচ্চাটিকে জাল টেনে তোলা হলো ।
ঘটনার বিবরণে গ্রাম পুলিশ মোঃ আলামিন বলেন, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সাদিকুল ভাই মূলত ঘোনা মাগরির বাসিন্দা। কিছুদিন যাবৎ তিনি নতুন বাড়ি বানিয়েছেন এই গ্রামের পাশেই চালিতেবাড়িয়ায়। ওনার বড় একটি ছেলে, মেজে জান্নাতুন এবং ছোট একটি পুত্র সন্তান রয়েছে। চাকরির সুবাদে পরিবার নিয়ে বিভিন্ন জেলা ও শহরে থাকাতে তার মেয়ে জান্নাতুল সাঁতার জানতেন না। চাকরি থেকে অবসর হলে আনুমানিক ছয় মাস যাবত সাদিকুল ভাই নিজ গ্রামেই থাকেন। দুপুরে অন্যান্য সহপাঠীদের সাথে গোসলের সময় কিশোরী জান্নাতুন পানিতে ডুবে মারা যায়।
এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
