শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা, যানজট ও মাদকমুক্ত শহর গঠনে মতবিনিময় সভা
এলিসন সুঙ, মৌলভীবাজার : পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজট, মাদক, চুরি-ছিনতাই ও অপরিচ্ছন্নতামুক্ত রাখতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে “আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৪মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর নিহার রঞ্জন সিংহ, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমির মাওলানা ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম কামরুল, টুরিস্ট পুলিশের এসআই আশরাফুল আলম, হাইওয়ে পুলিশের এসআই মো. আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন, সাংবাদিক লুৎফুর রহমান, শিমুল তরফদার, কাউছার আহমদ রিয়ন, এস কে দাশ সুমনসহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিরা।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, “পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একই সঙ্গে ঘনঘন লোডশেডিং ও চুরি-ছিনতাই রোধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি বলেন, বর্তমানে শ্রীমঙ্গলের মানুষের অন্যতম বড় ভোগান্তির নাম যানজট। এছাড়া সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী অধিকাংশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে, তবুও ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর দাবি জানান তিনি।সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। যুবসমাজকে রক্ষায় বিজিবি, রেলওয়ে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে পৌরসভার ময়লা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, “সাম্প্রতিক প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক, চুরি ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে শ্রীমঙ্গলকে আরও নিরাপদ শহরে পরিণত করা সম্ভব।”
সভায় সাংবাদিকরা বলেন, “শ্রীমঙ্গল উপজেলা শহরে র্যাব বিজিবি, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়নের মতো বিভিন্ন বাহিনী থাকার পরও অপরাধ সংঘটিত হওয়া উদ্বেগজনক। আমরা মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইমুক্ত একটি সুন্দর ও নিরাপদ শ্রীমঙ্গল দেখতে চাই।
