কচুয়ায় বিএনপি সভাপতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পগ্রুপ 'জেবি গ্রুপ'-এর সার্বিক সহযোগিতায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি বৃহৎ আয়োজনে মিলিত হতে পেরে দলটির স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কচুয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, বাবু সোমনাথ দে, মো: ওহিদুজ্জামান পল্টু,ছাত্রদলের প্রেসিডেন্ট রাসেল মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন "ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতি ও মেলবন্ধনের বার্তা নিয়ে আসে, তা ধারণ করে আগামী দিনে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, কৃষক দলের সভাপতি মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতা ও কর্মীবৃন্দ। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ‘জেবি গ্রুপ’কে, যাদের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত ঈদ পুনর্মিলনী সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
