পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে আটকে একটি পরিবারকে অবরুদ্ধের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানা ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ উভয় পক্ষকে থানায় হাজির হতে বলেছেন।
গুনাকরকাটি উত্তর পাড়ার মৃত জালাল উদ্দীন গাজীর ছেলে মনির হোসেন জানান, তাদের বাপ চাচাদের ১.৬৪ একর জমিতে বসবাস। বাপ চাচাদের আমল থেকে যাতয়াতের জন্য পারিবারিক পথ য়ুগযুগ ধরে তারা ব্যবহার করে আসছে। তাদের শরীক অংশ ২৫ শতক জমির সাথে ক্রয়কৃত ৮৫ শতক জমি তাদের নামে রেকর্ড হয়েছে এবং মৌখিক ভাবে তারাসহ অপর শরীকরা আপোষে স্ব স্ব জমিতে ভোগজাত করে আসছেন। পথের পূর্ব পাশে তাদের (মনির দিং) বসত বাড়ি এবং পশ্চিম পাশে তাদের পিতার বসত ঘর রয়েছে। পিতার মৃত্যুর পর থেকে পিতার ঘরে তাদের মা বসবাস করে থাকেন। চাচা কামাল উদ্দীন ও তার ছেলেরা জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল। এনিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন প্রতিপক্ষ। কিন্তু এখনো চুড়ান্ত ফয়সালা হয়নি। রবিবার (৩১ মে) সকালে কামাল উদ্দীন ও তার স্ত্রী সন্তানেরা দীর্ঘকালের পারিবারিক পথের মুখে এবং মনির হোসেনের বাড়ি থেকে পথে ওঠার জায়গা বন্ধ করে বাঁশ ও কঞ্চি দিয়ে ঘেরা বেড়া দিয়ে সম্পূর্ণ ভাবে পথ বন্ধ করে দেয়। মনিরের মা এগিয়ে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী ধামকী দিয়ে পিছু হটতে বাধ্য করা হয়। এব্যাপারে থানা ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃংখলা বজায় রাখতে এবং পুলিশ তদন্ত কেন্দ্রে উভয় পক্ষকে হাজির হতে নির্দেশ দেন। যাতয়াতের পথ বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ পরিবার মারবেতর জীবন যাপন করতে বাধ্য হয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন।
