শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত
মৌলভীবাজার প্রতিনিধি।। : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর 'কালনী এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে মুচড়ে গেছে এবং এই সংঘর্ষে ট্রাক্টর চালক আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী যথাসময়ে গেট নামালে কিংবা সতর্কতামূলক ব্যবস্থা নিলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতে পারত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, “শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রাক্টরটির সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। আহত অবস্থায় তাকে প্রথমে বাগান হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। পরে গেটম্যানের কক্ষও তালাবদ্ধ পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে।” তবে গেটম্যানের অনুপস্থিতির অভিযোগের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।
ঘটনার প্রকৃত কারণ এবং রেলক্রসিংয়ে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন।
