তেরখাদায় সরকারি ছুটিতেও পরিবার পরিকল্পনা দপ্তরে সেবা চলমান
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : বিগত বছরের ন্যায় এ বছরেও ঈদুল আজহার সরকারি লম্বা ছুটিতে তেরখাদা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন বিভিন্ন সেবা কার্যক্রম অব্যহত রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে ছুটিকালীন আগত কয়েক শত সেবাপ্রত্যাশী নারী, পুরুষ, শিশু, কিশোর- কিশোরী ও গর্ভবতী মহিলাকে প্রয়োজন মাফিক স্বাস্থ্য, শিক্ষা, সাধারণ চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা প্রদান করা হয়েছে। হাজেরা খাতুন, হুমায়ুন কবির, লিপিকা বিশ্বাস, নিশাত জাহান প্রমুখ কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় উক্ত সেবাদান কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সরকারী লম্বা ছুটির মধ্যেও এধরণের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিম কাটেঙ্গা গ্রামের ভানুমতী, কোদলা গ্রামের গর্ভবতী মহিলা জেসমিন আক্তার, মাটিয়ারকুলের যুথিকা, নলিয়ারচরের জোহরা, পারহাজীগ্রামের আব্দুল হাকিম, রবিউল সহ আরো অনেকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফের নিবিড় তত্বাবধানে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।
