সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি জুয়েল হোসেন বলেন, গুলিতে আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
পরিবারের বরাতে ওসি জুয়েল জানান, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। এরপর মঙ্গলবার তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।
মহিউদ্দিনের প্রতিবেশী আব্দুল করিম জানান, বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি জুয়েল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বসন্তপুর এলাকার বাসিন্দা মশিউর রহমানের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশী নাগরিকদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।
