ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

'৪০০ বছরের জিনের বাদশা’ সেজে প্রতারণা, অবশেষে গ্রেফতার!

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ০২.৪৪ পি.এম
'৪০০ বছরের জিনের বাদশা’ সেজে প্রতারণা, অবশেষে গ্রেফতার!
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি অনলাইন অ্যাপসে বিনিয়োগ করলে অল্প সময়েই মোটা অঙ্কের লাভ হবে এমন প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেন।  

পুলিশ জানায়, বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইলে শুরু হতো তার নতুন নাটক। তিনি একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ‘৪০০ বছর বয়সী মোঘল আমলের জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন। শুধু তাই নয়, টাকা দাবি করলে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো এবং অলৌকিক ক্ষতির হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।  

মঙ্গলবার (২ জুন)  সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হতো। এক ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে সলঙ্গা এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ এখন খতিয়ে দেখছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।  

সতর্ক থাকুন: অবাস্তব লাভের প্রতিশ্রুতি, অলৌকিক ক্ষমতার দাবি কিংবা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা প্রতারণার সাধারণ কৌশল। যাচাই ছাড়া কোনো অনলাইন বিনিয়োগে অর্থ লেনদেন করবেন না।