ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনায় নদীর তীরে বস্তা বন্দি কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ১০.০৫ পি.এম
পাবনায় নদীর তীরে বস্তা বন্দি কিশোরীর লাশ উদ্ধার
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনার পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা ও বস্তার ভেতরে রাখা অবস্থায় এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর–পীরপুর এলাকার সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে। মরদেহের গলায় একটি রুপার চেইন পাওয়া গেছে। এছাড়া গলায় একটি বাজারের ব্যাগ পেঁচানো ছিল এবং পুরো শরীর একটি বস্তার ভেতরে রাখা অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়া কয়েকজন কৃষক নদীর তীরের পাশে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তাটি খুলে দেখেন, ভেতরে একটি কিশোরীর মরদেহ রয়েছে। পরে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, কিশোরীকে অন্য কোথাও নির্যাতনের পর হত্যা করে রাতের আঁধারে মরদেহ নদীর তীরে ফেলে রাখা হতে পারে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ, বিশেষ করে বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।