জুড়ীতে বজ্রপাতে ১৩ গরুর মৃত্যু; চা শ্রমিক পরিবার বিপাকে
মৌলভীবাজার প্রতিনিধি।। : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই চা বাগানে বুধবার সকালে।বজ্রপাতে ১৩টি গরু এবং পাথরটিলায় ১ টি মহিষসহ ১৪টি গবাদিপশু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টিপাতে কুচাই চা বাগান শ্রমিকদের ১৩টি গরু এবং একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নিহত গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। এক মুহূর্তেই জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন হারিয়ে এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
এদিকে ঘটনাটি জানার পর স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদকে অবহিত করেন।
খবর পেয়ে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন।
পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
