কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ডেঙ্গু মুক্ত দেশ গড়ি, সবাই মিলে সচেতন হই’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল উপজেলার বাধাল বাজারে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। সচেতনতাই পারে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার ধ্বংস করা, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং আক্রান্ত ব্যক্তির দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহামুদ এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় বাজার ব্যবসায়ী, বাঁধাল বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানান এবং জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণার ওপর জোর দেন।
