ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু, চালক আটক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.২৪ পি.এম
কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু, চালক আটক
www.dailyranggaprovat.com
ঝিনাইদহ  প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনায় মেধাবী এই শিক্ষার্থীর শ্রেণিতে রোল নম্বর ছিল ১।
স্থানীয়রা জানান, স্কুল থেকে ফিরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে পাচশ্রীরামপুরের দিকে যাচ্ছিল মোস্তাফিজুর। এ সময় একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের ওপর ভুট্টা শুকানোর কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এবং ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মোস্তাফিজুর ছিল তার বাবা-মায়ের ছোট সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক ব্যবস্থাপনা উন্নত করা, রাস্তায় ফসল শুকানো বন্ধ করা এবং ট্রাক্টর চলাচলে নিয়ন্ত্রণ জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।