জঙ্গলের পুকুরে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নিখোঁজ যুবক রেজাউল হাওলাদারের (২০) লাশ জঙ্গলের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। সে রাজমিন্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতো।
নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার সকালে রেজাউলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। ওইদিন রাতে মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয় রেজাউল। এরপর আর সে (রেজাউল) বাসায় ফিরেনি। রোববার (৭ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী ফারুক মৃধার বাড়ির জঙ্গলের পুকুরে রেজাউলের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
