বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচিঃ আম্রপালি আমের চারা পেল প্রাথমিক শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : "চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভুবন" -এ স্লোগানকে সামনে রেখে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রায় অর্ধশতাধিক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের আম্রপালি আমের চারা বিতরণ করা হয়েছে। রোববার বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ওই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশ সময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না। বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোসাঃ আমেনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক শাহ আলম।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ মডেল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এনায়েতুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, হারুন মোল্লা ফাউন্ডেশনের ম্যানেজার নূরে আলম বাপ্পী প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির ওই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে উন্নত জাতের আম্রপালি আমের চারা তুলে দেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম বলেন, 'গাছ আমাদের জীবনধারণের জন্য অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, আসবাবপত্র দেয়, জ্বালানি দেয়, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই গাছ। গাছ না থাকলে জীবনের অস্তিত্ব কল্পনা করা যাবে না। তাই বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তবে শুধু রোপণ করলেই হবে না, এর পরিচর্যাও করতে হবে। গাছ বায়ুমন্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন ত্যাগ করে। জীববৈচিত্র্যকে টিকিয়ে রেখে পৃথিবীকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই।'
মহতী এই উদ্যোগ প্রসঙ্গে হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম বলেন, 'হারুন মোল্লা ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকেই বিভিন্ন মানবহিতৈষী ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিছুদিন আগে তারা 'মাদক ছাড়ো মাঠে আসো' স্লোগানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ-মাহফিল ছাড়াও একটি দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে তারা। আমি তাদের জনকল্যাণমুখী কাজের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের সবার উচিত হারুন মোল্লা ফাউন্ডেশনের ভালো কাজকে উৎসাহিত করা।'
হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ বলেন, 'সমাজ এবং মানুষের জন্য কিছু কাজ করার প্রত্যয় নিয়ে বাবুগঞ্জে যাত্রা শুরু করেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই মানবসেবা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করছে। ভবিষ্যতেও হারুন মোল্লা ফাউন্ডেশনের এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন।'

