আশাশুনিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে ২৭টি ওয়ার্ডের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট অ্যাকশন গ্রুপ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে নিয়ে গঠিত একটি জনসংগঠন, যা সামাজিক পরিবর্তনের প্রভাবক বা চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে। গ্রুপটি স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি ও বিপদাপন্নতা নিরূপণ করবে এবং জলবায়ু সহিষ্ণু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে। পাশাপাশি নিরাপদ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজিত কৃষি বিষয়ে জনগণের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া স্থানীয় সরকারের সঙ্গে একটি শক্তিশালী সমন্বয় ও নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ব্র্যাক প্রজেক্ট অপারেশন ম্যানেজার শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, এরিয়া ম্যানেজার এনামুল হক, এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।
