হাসপাতাল রোডের বেহাল অবস্থা, ভোগান্তিতে রোগী ও সাধারণ মানুষ
বিশেষ প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) সংযোগ সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও সাধারণ পথচারীরা। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কটি বর্তমানে যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে রোগী নিয়ে আসা-নেওয়ার সময় অ্যাম্বুলেন্স, অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলের সময় রোগীদের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি মা, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি অত্যন্ত মানবেতর হয়ে উঠেছে।
প্রতিদিন এই সড়কে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ভাঙা রাস্তায় গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যাত্রীদের পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। একই সঙ্গে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চালকরা।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতালগামী মানুষ দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।
সাধারণ মানুষের প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে পাবনা সদর হাসপাতাল সড়কের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে? দ্রুত সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তারা।
